ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের উচ্ছ্বাস। রোববার দুপুরে রাজশাহী কলেজে

ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের উচ্ছ্বাস। রোববার দুপুরে রাজশাহী কলেজে
ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের উচ্ছ্বাস। রোববার দুপুরে রাজশাহী কলেজে
ছবি: প্রথম আলো

রাজশাহী শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় বিগত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। বরাবরের মতো এবারও ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছেন। আজ রোববার বেলা সাড়ে তিনটার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ৭৪৯টি কলেজের ১ লাখ ৪০ হাজার ১১৫ শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ১ লাখ ৮ হাজার ৫৮০ শিক্ষার্থী পাস করেছেন। পাসের হার ৭৮ দশমিক ৪৬ শতাংশ। গতবার পাসের হার ছিল ৮১ দশমিক ৬০। ২০২১ সালে সেটি ৯৭ দশমিক ২৯ শতাংশ ছিল। এবার জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ২৫৮ শিক্ষার্থী। এর আগের বছর ২১ হাজার ৮৫৫ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। সে হিসাবে জিপিএ-৫ কমেছে প্রায় অর্ধেক।

ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার দিক থেকে এগিয়ে আছেন। মেয়েদের পাসের হার ৮৩ দশমিক ৯৭ আর ছেলেদের ৭৩ দশমিক ৫৫। মোট ৫ হাজার ৮১৩ মেয়ে জিপিএ-৫ পেয়েছেন; ছেলেরা পেয়েছেন ৫ হাজার ৪৪৫ জন।

প্রকাশিত ফলাফল শিটে দেখা গেছে, শিক্ষা বোর্ডের চারটি প্রতিষ্ঠানের কেউই পাস করতে পারেননি। শতভাগ পাস করেছে ৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে। এবার এক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৭৮০। পরীক্ষার হল থেকে বহিষ্কৃত হয়েছেন ১১ জন।

Post a Comment

Previous Post Next Post